মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
প্রথমার্ধের ৪২ মিনিট পর্যন্ত টেকা গেছে। কোনো বিপর্যয় হয়নি। কিন্তু ৪৩ মিনিট থেকে সর্বনাশের শুরু। যা গিয়ে থেমেছে ৭৭ মিনিটে। লক্ষ্য ছিল তিন পয়েন্ট না হোক, অন্তত একটি পয়েন্ট যেন কেড়ে নেওয়া যায়। কিন্তু এর কোনোটাই হয়নি। বরং শক্তিশালী ফিলিস্তিনের কাছে বৃহস্পতিবার রাতে ৫-০ গোলে হেরে অসহায় আত্মসমপর্ণ করতে হয়েছে বাংলাদেশকে! ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে কুয়েতের জাবের আল আহমাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। বিজয়ী দলের উদয় ইব্রাহিম মো. দাব্বাঘ হ্যাটট্রিক করেন। এ ছাড়া শিহাব কুনবার করেন জোড়া গোল। ‘আই’ গ্রুপে প্রতিটি দলই ৩টি করে ম্যাচ খেলেছে। ৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৪ পয়েন্ট নিয়ে ফিলিস্তিন দুইয়ে, ২ পয়েন্ট নিয়ে লেবানন তিনে এবং ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে তলানিতে। আগামী ২৬ মার্চ ঢাকায় ফিলিস্তিনের বিপক্ষে ফিরতি মাাচ খেলবে বাংলাদেশ।
বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া জোনের ‘আই’ গ্রুপে বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ ছাড়াও অনুষ্ঠিত হয় আরেকটি ম্যাচ। সিডনিতে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ২-০ গোলে হারিয়েছে লেবাননকে।
ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ এর আগে ৬টি ম্যাচ খেলেছিল। একটি ম্যাচ ড্র হয়েছিল। বাকি ৫ ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশী ফুটবলপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেনÑ সপ্তম মোকাবিলায় হয়তো প্রথম অধরা জয় ধরনা দেবে। কিন্তু সে আশায় গুড়েবালি! জোত তো দূরে থাক, ন্যূনতম ড্র করা তো দূরে থাক, বরং গো-গারা হারের লজ্জায় ডুবতে হয়েছে লাল-সবুজ বাহিনীকে।
অথচ কি না এই ম্যাচকে কেন্দ্র করেই বাংলাদেশ দল দুই সপ্তাহের মতো কন্ডিশনিং ক্যাম্প করেছে সৌদি আরবে। সেখানে তারা সুদানের সঙ্গে দুটি ‘আনঅফিসিয়াল’ ম্যাচও খেলেছে। কিন্তু আসল ম্যাচ খেলার সময় লবডঙ্কা! র্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের (৯৭) বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ (১৮৩)। যদিও শুরুটা ভালোই ছিল তাদের।
৪৩ মিনিটে দাব্বাঘ গোল করে ফিলিস্তনকে এগিয়ে দেন। মুসাব বাত্তাহর শট গোলরক্ষক মিতুল মারমা প্রথম প্রচেষ্টায় আংশিক রক্ষা করেন। ফিরতি বলে দাব্বাঘ গোল করেন। সংযুক্তি সময়ে কর্নার থেকে সোহেল রানার পায়ে লেগে বল সামনে পড়লে তা থেকে শিহাব সহজেই ব্যবধান দ্বিগুণ করেন।
৪৯ মিনিটে কর্নারে শিহাব রিসিভ করে জায়গা তৈরি করে ডান পায়ের তীব্র শটে স্কোরলাইন ৩-০ করেন। ৫৩ মিনিটে কর্নারে দাব্বাঘ চমৎকার শটে জাল কাঁপান। ৭৭ মিনিটে দাব্বাাঘ হ্যাটট্রিক করেন। গোলরক্ষক মিতুল কমপক্ষে ৫/৬টি বল সেভ না করলে বাংলাদেশের হারের ব্যবধান আরও বড় হতো। বাংলাদেশ কোচ জাভিয়ের ক্যাবরেরা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘সত্যিকার অর্থে বলতে ফল আমাদের খুব বিবেচ্য বিষয় নয়। ৪-০, ৫-০ বা ৬-০। আমাদের চিন্তার বিষয় খেলার সক্ষমতা। প্রথম ৪০ মিনিট যেভাবে খেললাম, কেন বাকি সময় পারলাম না? ভুলগুলো কেন হলো? শেষ কয়েকটি ভুলে প্রথমার্ধটা ভালো শেষ হয়নি। দ্বিতীয়ার্ধে আমরা সম্পূর্ণ আউটপ্লেট হয়েছি। বিশ্বকাপ বাছাইয়ে এমন দলের বিপক্ষে এমন হতে পারে।’ ক্যাবরেরা আরও বলেন, ‘সামনের ম্যাচের আগে আমরা পারফরম্যান্স ও ভুল নিয়ে বিশ্লেষণ করব। ফলাফল নিয়ে নয়। পরের ম্যাচের আগে ফল নিয়ে ভেবে সময় নষ্ট করার দরকার নেই।’ ফিলিস্তিন কোচ মারকাম বলেন, ‘বাংলাদেশ শুরুটা দারুণ করেছিল। যেটা আমরা প্রত্যাশা করিনি তেমন। দুই গোল আমাদের আত্মবিশ্বাস দেয়। দ্বিতীয়ার্ধে যেটা ৫-০ তে রূপান্তর হয়েছে।’