বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
চতুর্থদিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি শেষ করেছেন কোটা পুনর্বহাল বাতিলের দাবিতে আন্দোলনকারীরা। শনিবার বিকালে ঘণ্টাখানেক শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাজপথ ছাড়েন আন্দোলনকারীরা। তবে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ‘বৈষম্য বিরোধী ছাত্র সমাজের’ ব্যানারে ঐক্যবদ্ধ সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
সাড়ে পাঁচটায় অবরোধ কর্মসূচি শেষ করার আগে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম। উপস্থিত হাজারো শিক্ষার্থীকে আন্দোলনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা শুনেছি হলে হলে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিতে বাধা দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা হলের তালা ভাঙতে জানি। ২০১৮ সালে আমরা তা দেখিয়েছি।
তিনি বলেন, এই আন্দোলন সারাবাংলার শিক্ষার্থীদের আন্দোলন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতোমধ্যে তা প্রমাণ করেছে। আমরা সুযোগের সমতা চাই। আমরা চাকরিতে সমতা চাই। এটা কী আমাদের অপরাধ? দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে।