বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
বিপিএলের মাঝপথে অধিনায়ক পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়। পরিবর্তনের নতুন কোনো কারণও ব্যাখ্যা করতে পারে না দলগুলো। ঘুরিয়ে ফিরে সেই একই কথা।ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এ সিদ্ধান্ত। এনামুল হক বিজয়ের জায়গায় পরবর্তী ম্যাচ থেকে নেতৃত্বে দেখা যাবে পেসার তাসকিন আহমেদকে।
এবারের বিপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলতে ব্যর্থ দুর্বার রাজশাহী। প্লে-অফের লড়াইয়ে এরই মধ্যে বেশ পিছিয়ে পড়েছে তারা। গতকাল এনামুল হক বিজয়ের বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সত্বেও খুলনা টাইগার্সের কাছে হেরে গেছে রাজশাহী। এরপরই অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে তারা। টুর্নামেন্টের বাকি অংশের জন্য আর অধিনায়ক থাকছেন না এনামুল হক বিজয়।
বিপিএলের এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।