সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

গাজীপুর নগরীর সব রাস্তা হবে মুক্তিযোদ্ধাদের নামে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেছেন, আপনারা জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, আপনারা আমাদের একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে নগরীর প্রতিটি রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে হবে।

রোববার সকালে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সব মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স ফ্রি করা হবে। মুক্তিযোদ্ধারা তাদের কার্ড প্রদর্শন করলে নগরীর সব সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেয়া হবে। তাদের সন্তানদের চাকরি, ব্যবসা ও কর্মসংস্থানের সহযোগিতা করা হবে। এ নগরীতে কেউ বেকার থাকবে না।

মেয়র বলেন, প্রতিবছর মুক্তিযোদ্ধাদের উপহার ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করে দেয়ারও সহযোগিতা করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সব সময় যথাযথ মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতেই এই অনুষ্ঠানে কাউকে প্রধান বা বিশেষ অতিথি করা হয়নি, মুক্তিযোদ্ধারাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

মুক্তিযোদ্ধাদের জন্য গাজীপুরে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল এবং মুক্তিযুদ্ধ গবেষণাগার গড়ে তোলার জন্য তিনি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুর সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা আবদুর রউফ নয়ন, মুক্তিযোদ্ধা মো. মহর আলী, মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন, মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আবু হানিফ, মুক্তিযোদ্ধা ডা. মোজাফ্ফর আহমেদ প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com