সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

কেরানীগঞ্জের আগুনে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দক্ষিণ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় ১৯ জনের মৃত্যু হল। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ১৩ জন।

রোববার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান- রাজ্জাক (৪৫), মোসতাকিন (২৩), আবু সাঈদ (২০) ও সুমন দেওয়ান (২২)। এছাড়া নিজ বাড়িতে মারা গেছেন দুর্জয় দাস (১৮)। এর মধ্যে দুর্জয় ও রাজ্জাকের বাড়ি কেরানীগঞ্জের চুনকুটিয়ায়। মোসতাকিনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। সাঈদের বাড়ি মুন্সীগঞ্জে এবং সুমনের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়।

ইন্সটিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে মারা যান রাজ্জাক, ৯টায় মোসতাকিন, বেলা পৌনে ১২টায় আবু সাঈদ এবং সন্ধ্যা ৭টার দিকে মারা যান সুমন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় দুর্জয়কে হাসপাতাল থেকে বাসায় নিয়ে গিয়েছিল তার পরিবার। কেরানীগঞ্জের হিজলতলা বাজারে নিজ বাড়িতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।

ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম যুগান্তরকে বলেন, আমরা আমেরিকার ন্যায় সর্বোচ্চ চিকিৎসা দিয়ে আসছি। কিন্তু, দগ্ধ রোগীদের বাঁচাতে পারছি না। সবার শ্বাসনালি পুড়ে গেছে। তাদের বাঁচানো খুবই কঠিন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ছোট ভাইয়ের পর চলে গেলেন বড় ভাই: বুধবার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিলেন দু’ভাই আলম ও রাজ্জাক। পরে তাদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার ভোরে মারা যান আলম। ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাজ্জাকও। জানা যায়, নিহত দুই ভাই ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন। কারখানা ঘেঁষেই ছিল তাদের পৈতৃক ভিটা। সেখানে আরও দুই ভাইয়ের সঙ্গে পরিবার নিয়ে বসবাস করতেন তারা। আলম ও রাজ্জাকের দুটি মেয়ে রয়েছে।

এদিকে দুপুরে রাজ্জাকের মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছলে কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ। রাজ্জাকের স্ত্রী আর কিশোরী মেয়ের আর্তনাদে উপস্থিত লোকজনের চোখও ভারি হয়ে উঠে। একসঙ্গে দুই ভাইকে হারিয়ে অপর দুই ভাই ও তিন বোনের বিলাপে সান্ত্বনা দেয়ার ভাষাও ছিল না প্রতিবেশীদের। নিহত রাজ্জাকের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শরীরে আগুন লাগার পর দৌড়ে বাসায় আসেন আলম। পানি পানি বলে চিৎকার করছিলেন। স্বজনরা পানি দিয়ে গায়ের আগুন নেভান। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আর ঘটনাস্থল থেকে স্থানীয়রা রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কেরানীগঞ্জে আটক ৫ : এদিকে কেরানীগঞ্জে অনুমোদন না থাকার অভিযোগে সিলগালা করে দেয়া একটি ওয়াশিং প্লান্ট থেকে মালামাল সরিয়ে নেয়ার সময় ৫ জনকে আটক করা হয়েছে। তারা হলেন- রমযান, সেলিম, জুবায়ের, মোশারফ ও বাদল। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চুনকুটিয়া হিজলতলা এলাকায় অবস্থিত ‘মক্কা-মদিনা ডাইং’ নামের ওই কারখানা থেকে তাদের আটক করা হয়। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকের ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com