শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

বিজয় দিবসে বঙ্গভবনের সবুজ চত্বরে মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিজয়ের ৪৮ বছর পূর্তিতে মিলনমেলায় রূপ নিয়েছে বঙ্গভবনের সবুজ চত্বর। মুক্তিযোদ্ধাসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয়রা এতে অংশ নেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তার পত্নী রাশিদা খানম দেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাষ্ট্রপতি প্রাসাদের সবুজ চত্বরে আয়োজিত এই সংবর্ধনায় যোগ দেন।

এ উপলক্ষে দুপুর ২ টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনের সবুজ চত্বরে কয়েক হাজার অতিথি উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর রাষ্ট্রপতি এম আবদুল হামিদ তার পত্নী রাশিদা খানম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা কুশল বিনিময় করেন।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বিজয় দিবস উপলক্ষে একটি কেক কাটেন ও বেলুন উড়ান।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, জাতীয় নেতা, সংসদ সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়া অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী, তিন বাহিনীর প্রধান, সিনিয়র রাজনৈতিক নেতা, সম্পাদক, সাংবাদিক, বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্য, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা এবং বিশিষ্ট নাগরিকরা যোগ দেন।

অনুষ্ঠানে শাহিন সামাদ, তিমির নন্দী, ফাহমিদা নবী এবং আবু বক্কর সিদ্দিকসহ দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরিা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া একদল শিশুশিল্পী ও একটি ব্যান্ড সঙ্গীত দলও সঙ্গীত পরিবেশন করেন।

তথ্যেসূত্র: বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com