মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

রাবিতে সান্ধ্যকালীন কোর্স নিয়ে সিদ্ধান্ত ২২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সান্ধ্যকালীন কোর্সসহ ১৩টি নির্দেশনা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হতে পারে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে ইউজিসির চিঠি নিয়ে আলোচনার প্রেক্ষিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সান্ধ্যকালীন কোর্সে নতুন করে শিক্ষার্থী ভর্তি না করার সিদ্ধান্ত নিয়েছে রাবি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম স্বাক্ষরিত একটি চিঠি উপাচার্যের দফতরে আসে। পরে উপাচার্যের দফতর থেকে চিঠিটি রেজিস্টারের দফতরে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ৬টি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের ৬টি বিভাগ, বিজ্ঞান অনুষদের ২টি বিভাগ, আইন অনুষদের একটি বিভাগ এবং প্রকৌশল অনুষদের একটি বিভাগে সান্ধ্য কোর্স চালু আছে। এছাড়া বায়োলজিক্যাল সায়েন্সেস ইনস্টিটিউট, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে এই কোর্স চালু রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এসব বিভাগ ও ইনস্টিটিউটে সান্ধ্যাকালীন এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা নামে বিভিন্ন মেয়াদি কোর্স চালু আছে। এসব কোর্সে খরচ প্রায় প্রায় ৫০ হাজার থেকে ২ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, ইউজিসির নির্দেশনার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একমত। সান্ধ্যকালীন কোর্সের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী হবে। তবে আগামী ২২ ডিসেম্বর শিক্ষা পরিষদের মিটিংয়ে সান্ধ্য কোর্স নিয়ে একটি সিদ্ধান্ত হতে পারে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক এমএ বারী বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com