মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

বিকল্প পথেও ঢাকা-বগুড়া সড়কে কমছে না ভোগান্তি, শীঘ্রই নতুন বেইলি ব্রিজ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতী সেতু দেবে যাওয়ায় যান চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। বর্তমানে ওই সেতু পথে চলাচলাকালী যানবাহনগুলো বিকল্প পথে ঘুরিয়ে দেয়া হলেও কমছে না ভোগান্তি। বিঘ্নিত বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়সহ ১০ জেলায় দূরপাল্লার যানবাহনের স্বাভাবিক চলাচল।

জানা গেছে, বুধবার (১৮ ডিসেম্বর) সেতুটি দেবে গেলে ঢাকা-বগুড়া মহাসড়কের উভয় প্রান্তের হাজারও যানবাহন আটক পড়ে। সৃষ্টি হয় প্রায় ৯০ কিলোমিটারের যানজট।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান বলেন, ওই সেতু হয়ে বগুড়া রুটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে নলকা সেতু প্রবেশ মুখের পূর্বে কড্ডার মোড় ও সিরাজগঞ্জ শহরের পথ ধরে কাঠেরপুল-রায়গঞ্জ আঞ্চলিক মহাসড়ক (পুরাতন বগুড়া রোড) হয়ে ও বগুড়া, রংপুর ও দিনাজপুর অভিমুখী যানবাহন গুলো চলাচল করছে।

সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক জানিয়েছেন, সেতুটির পশ্চিম পাশ দিয়ে বিকল্প পথ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে যানবাহন চলাচল করছে। তবে বিকল্প পথে পারাপারে কালক্ষেপণ হওয়ায় উভয় পাশে যানজট সৃষ্টি হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফোর লেনের নতুন সেতু চালু হতে তিন মাসেরও বেশি সময় লাগতে পারে। তাই আগামী দুই সপ্তাহের মধ্যে ভূঁইয়াগাতী সেতুর খারাপ স্প্যানগুলো সরিয়ে ওই স্থানেই বেইলি ব্রিজ নির্মাণ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com