সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার আরও ১০ হাজার ডাক্তার নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তাগিদ দেয়া হয়। বৈঠকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান ও আবিদা আনজুম মিতাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ৩৯তম বিসিএস’র মাধ্যমে চার হাজার ৬০৭ নতুন ডাক্তার পদায়ন করা হয়েছে। ডাক্তারদের পাশাপাশি সেবা বৃদ্ধির জন্য ১০ হাজার নার্স নিয়োগ সম্পন্ন হয়েছে। অন্যান্য জনবলের নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে। ওষুধসহ আনুষঙ্গিক সংকট উত্তরণের জন্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরাধীন সিবিএইচসি অপারেশনাল প্ল্যানের আওতায় কাজ চলছে।

বৈঠকে আরও জানানো হয়, মৌলিক স্বাস্থ্যসেবা বাড়ানোর জন্য বর্তমানে ১৩ হাজার ৭৪৩টি কমিউনিটি ক্লিনিকে ১২ হাজার ৮৫০ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছেন। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রায় ৬ হাজার জনগোষ্ঠী সেবা পাচ্ছে।

বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গৃহীত প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি আলোচনার সময় জানানো হয়, স্বাস্থ্যসেবা বিভাগ ২০১৮-১৯ অর্থবছরে ৩২টি ও ২০১৯-২০ অর্থবছরে (নভেম্বর ২০১৯ পর্যন্ত) ২৫টি প্রকল্প গ্রহণ করেছে। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ২০১৮-১৯ অর্থবছরে ৬টি ও ২০১৯-২০ অর্থবছরে (নভেম্বর ২০১৯ পর্যন্ত) ৪টি প্রকল্প গ্রহণ করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com