শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

‘যুক্তরাষ্ট্রের এই পরাজয় অন্য হানাদারদের জন্যও একটি শিক্ষা’

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরাজয়কে “অন্য হানাদারদের জন্যও একটি শিক্ষা” বলে মন্তব্য করেছেন আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ফ্লাইট কাবুল বিমান বন্দর ছেড়ে যাওয়ার পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মুজাহিদ। খবর: এএফপি।

বিশ বছরের যুদ্ধ শেষে অবশেষে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান। মঙ্গলবার মধ্যরাতের পর মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সি-১৭ বিমানটি কাবুল ছেড়েছে।

বিমানটির কাবুল ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আমেরিকার সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর পশ্চিমাদের ব্যাপক উদ্ধার অভিযানের অবসান হলো।

সর্বশেষ বিমানটি কাবুল ত্যাগ করার পর তালেবানরা আকাশে ফাকা গুলি ছুড়ে বিজয়োল্লাস করেছে।

কয়েক ঘণ্টা পর বিমানবন্দরের রানওয়েতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের বলেন, “আফগানিস্তানের জনগণকে অভিনন্দন… এই বিজয় আমাদের সবার”।

মুজাহিদ আরো বলেন, তালেবানদের বিজয় “অন্য হানাদারদের জন্যও একটি শিক্ষা”।

অনেক আফগান ১৯৯৬-২০০১ মেয়াদে তালেবানের প্রাথমিক শাসনের পুনরাবৃত্তির আশঙ্কায় আতঙ্কিত। সে সময় তালেবানরা নারীদের সাথে তাদের কঠোর আচরণের জন্য কুখ্যাত ছিল, পাশাপাশি তারা একটি নিষ্ঠুর বিচার ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছিল।

তবে, তালেবানরা বারবার তাদের প্রথম ক্ষমতার তুলনায় আরো সহনশীল এবং উদার শাসনের প্রতিশ্রুতি দিয়েছে এবং জাবিউল্লাহ মুজাহিদ সেই প্রতিশ্রুতি দেওয়া অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্র ও বিশ্বের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমরা তাদের সকলের সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ককে স্বাগত জানাই”।

মুজাহিদ জোর দিয়ে বলেছেন যে, তালেবান নিরাপত্তা বাহিনী “ভদ্র এবং বিনয়ী” হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com