শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সেনা কলোনি ত্যাগের নির্দেশের পর তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ

আফগানিস্তানের কান্দাহার শহরে একটি আবাসিক সেনা কলোনি খালি করার নির্দেশ দেওয়ার পর তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সেখানকার বাসিন্দারা।

সাবেক সরকারি কর্মকর্তারা বলেছেন এবং স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ওই বিক্ষোভ করেন সেখানকার বাসিন্দারা। বিক্ষোভে অংশ নেন নারীরাও।

প্রত্যক্ষদর্শী সাবেক সরকারি কর্মকর্তারা জানান, প্রায় তিন হাজার পরিবারকে কলোনি খালি করতে বলার পর বিক্ষোভকারীরা কান্দাহারে গভর্নরের বাড়ির সামনে জড়ো হন। স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, কান্দাহার শহরের একটি রাস্তা বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা।

তালেবান সদস্যরা যে এলাকাটি খালি করতে বলেছেন, সেটি মূলত অবসরে যাওয়া আর্মি জেনারেল ও আফগান নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যদের বসবাসের এলাকা। এখানে কেউ কেউ ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছেন। তাঁদের বাড়ি খালি করার জন্য তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়।

এ বিষয়ে তালেবানের মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত মাসে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভের অধিকাংশই সহিংসভাবে শেষ হয়েছে। তবে মঙ্গলবারের বিক্ষোভ ঘিরে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com