শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

আস্থা রাখায় রুশ জনগণকে পুতিনের ধন্যবাদ

সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার ওপর আস্থা রাখার জন্য রুশ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার পুতিন রুশ জনগণকে এই ধন্যবাদ জানান। রোববার সংসদ নির্বাচন শেষ হওয়ার পর গতকাল দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধানের সঙ্গে টেলিভাইজড বৈঠক করেন পুতিন।

নির্বাচন কমিশনের প্রধানের সঙ্গে বৈঠককালে পুতিন বলেন, ‘আমি রাশিয়ার নাগরিকদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতার কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা, আপনাদের আস্থার জন্য ধন্যবাদ।’

রাশিয়ায় সংসদ নির্বাচনে পুতিনের ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া জয় পেয়েছে। এই জয়ের মধ্য দিয়ে দলটি সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্যমতে, গণনা হওয়া ভোটের মধ্যে পুতিনের দল ৫০ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে। ইউনাইটেড রাশিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি ভোট পেয়েছে প্রায় ১৯ শতাংশ।

ইউনাইটেড রাশিয়া ২০১৬ সালের সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে খারাপ করেছে। কারণ, গত নির্বাচনে দলটি ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছিল।

পুতিনের প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি বা তার কোনো সমর্থককে এই নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। নাভালনি বর্তমানে কারাগারে আছেন। নির্বাচনে ইউনাইটেড রাশিয়ার জয়ের পথ সুগম করতে নাভালনির ‘স্মার্ট ভোটিং’ অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে সরিয়ে নেয়া হয়। এ নিয়ে দেশে-বিদেশে সমালোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com