শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের অর্থ সংক্রান্ত প্রধান সামি জসিম আল জাবুরিকে এক অভিযানে গ্রেফতার করেছে ইরাক। ইরাকি বাহিনী দেশের সীমান্তের বাইরে চালানো এক জটিল নিরাপত্তা অভিযানে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠির এই উচ্চ পর্যায়ের নেতাকে গ্রেফতার করেছে বলে জানান প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি।
ইরাকের বাইরে কোথায় এ অভিযান চালানো হয় তা বলেননি তিনি। তবে একজন উর্ধতন ইরাকী সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন তুরস্কে সামি জসিমকে আটক করা হয়েছে। তুরস্কের কর্তৃপক্ষ অবশ্য এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি।
সামি জসিমকে ধরার জন্য তথ্য পেতে যুক্তরাষ্ট্র এক সময় ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। সামি জসিম আইএস-এর খুবই গুরুত্বপূর্ণ এক নেতা, তিনি এই চরমপন্থী গোষ্ঠীর আর্থিক তহবিলের দায়িত্বে ছিলেন বলে জানান ইরাকী প্রধানমন্ত্রী।
ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অংশ যখন ইসলামিক স্টেটের দখলে ছিল তখন তেল, গ্যাস, পুরাতাত্ত্বিক নিদর্শন এবং থনিজ পদার্থ বিক্রি করে আইএস যে অর্থ আয় করতো তার তত্বাবধান করতেন তিনি। এক সময় ইরাক ও সিরিয়ার বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করতো আইএস
ইরাকী প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি গতকাল রোববার থেকে দেশটির নিরাপত্তার ক্ষেত্রে বড় একটি খবরের আভাস দিচ্ছিলেন, তবে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তিনি এর বিস্তারিত প্রকাশ করছিলেন না। দুই বছর আগে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আবু বকর আল বাগদাদী নিহত হওয়ার পর থেকে সামি জসিম আইএসের নতুন নেতা আমির মোহাম্মদ সাঈদ আবদুল রহমান আল-মওলার ঘনিষ্ঠ ছিলেন।
একজন শীর্ষ আইএস নেতার এই গ্রেফতারের খবর এলো ইরাকে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হ্ওয়ার একদিন পর। ইরাক ইসলামিক স্টেট গোষ্ঠির দখলমুক্ত হলেও তারা এখনো সেখানে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে এবং দেশটির স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি।