বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
পাকিস্তানকে সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ সরবরাহ করল চীন। ধারণা করা হচ্ছে আঞ্চলিক প্রতিপক্ষ ভারতকে প্রতিহত করতেই ইসলামাবাদকে এই ‘উপহার’ দিল বেইজিং।
পাকিস্তানের সামরিক সক্ষমতা জোরদার করতেই চীন এই জাহাজ পাঠিয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন পর্যন্ত যত যুদ্ধজাহাজ সরবরাহ করেছে তার মধ্যে পিএনএস তুঘরিলের এয়ার ডিফেন্সই সবচেয়ে ভালো।
পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমস এর তরফে জানানো হয়, চীন-পাকিস্তান ‘যে কোনো পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’কে উপরে তুলে ধরে। চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন লিমিটেড এই যুদ্ধজাহাজটি ডিজাইন ও নির্মাণ করেছে। সাংহাইতে একটি কমিশনিং অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর কাছে যুদ্ধজাহাজটি হস্তান্তর করে চীন।
গ্লোবাল টাইমসের একটি সাক্ষাৎকারে পিএলএ নেভাল রিসার্চ অ্যাকাডেমির সিনিয়র রিসার্চ ফেলো ঝাং জুনশে বলেন, এর আগে চীন যত রণতরী রফতানি করেছে, সেগুলোর তুলনায় নতুন জাহাজটি আরও ভালো। এতে বিমান প্রতিরক্ষার ক্ষমতা রয়েছে। এটিতে একটি উন্নত রাডার সিস্টেম এবং দূর পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।
পাক নৌবাহিনীতে পিএনএস তুঘরিল নামে এই রণতরীটি সংযুক্ত হবে। এই জাহাজ থেকে ভূমি, আকাশ এবং জলের তলদেশেও নির্ভুল নিশানা করা সম্ভব বলে দাবি করা হয়েছে। অত্যাধুনিক যুদ্ধ ব্যবস্থাপনার পাশাপাশি এটি স্বয়ংক্রিয়ভাবে নিজের নিরাপত্তা দিতে সক্ষম।
সামরিক পর্যবেক্ষকদের মতে, আরব সাগর এবং ভারত মহাসাগরের বুকে নিজেদের শক্তি আরও বাড়াতেই এমন কৌশলী পদক্ষেপ নিয়েছে চীন। সম্প্রতি গত কয়েক বছরে এই সমস্ত জায়গাতে টহলদারি বাড়িয়েছে চীন।