বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
করোনার বিশ্বচিত্রে নতুন আক্রান্ত রোগীর হিসেবে শুক্রবার (১২ নভেম্বর) শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র এবং এইদিন সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়। একদিনে বিশ্বে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৬ হাজার ৬১২ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ২৪৫ জনের।
বিশ্বজুড়ে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যুর এই সংখ্যা অবশ্য আগের দিন বৃহস্পতিবারের চেয়ে কিছুটা কম। বৃহস্পতিবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ লাখ ৫৭ হাজার ১ এবং এ রোগে মৃতের সংখ্যা ছিল ৭ হাজার ৪৭৯ জন।
করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
শুক্রবার দৈনিক আক্রান্তে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২০৮ জন এবং একই দিন করোনায় মৃত্যু হয়েছে ৯৮৭ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে থাকা রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৫ জন। শুক্রবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ১২৩ জন।
যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ছাড়া অন্যান্য যেসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে, তার মধ্যে- জার্মানিতে নতুন আক্রান্ত ৪৮ হাজার ১৮৪, মৃত্যু ২২৮ জন, যুক্তরাজ্যে নতুন আক্রান্ত ৪০ হাজার ৩৭৫, মৃত্যু ১৪৫ জন, ইউক্রেনে নতুন আক্রান্ত ২৪ হাজার ৫৮, মৃত্যু ৭৫০ এবং তুরস্কে নতুন আক্রান্ত ২৩ হাজার ১৯৩, মৃত্যু ২১৭ জন।