বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

জরুরি অবতরণ করা এয়ারলাইন্সে বোমা পাওয়া যায়নি

বোমা আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা বিদেশি উড়োজাহাজটিতে বোমা পাওয়া যায়নি। বুধবার রাত সাড়ে ৯টা থেকে প্রায় ২ ঘণ্টার তল্লাশি শেষে এ কথা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান। শিগগিরই বিমানটি আবারো উড্ডয়ন করবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যার পর হঠাৎ মালয়েশিয়ার একটি নম্বর থেকে কল আসে র‍্যাবের কাছে। বলা হয় হযরত শাহজালাল বিমানবন্দরে কোনো এক এয়ারক্রাফ্টের যাত্রীর কাছে বিষ্ফোরক দ্রব্য রয়েছে।

এ খবরের ভিত্তিতে অভিযানে নামে নিরাপত্তা কর্মীরা। এছাড়াও অংশ নেয় বিমানবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনীর বিপুল সংখ্যক ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি দল।

রাত ৯ টা ৩৮ মিনিটে ১৩৫ জন যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১৯৬ ফ্লাইটটি অবতরণ করলে একে একে সব যাত্রীকে তল্লাশি করা হয়।

তিন ঘণ্টারও বেশি সময় তল্লাশির পর কোথাও কোনো বোমা বা বিস্ফোরক পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। প্রমাণিত হয় যে মালয়েশিয়ার ফোন কলটির সত্যতা ছিল না।

যেকোনো ধরনের হুমকি বা পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com