বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ওমিক্রন ‘ভয়ংকর’ কিনা এখনো প্রমাণ মেলেনি

করোনার নতুন ধরন ওমিক্রন যে ভাইরাসটির অন্যান্য ধরনের চেয়ে বেশি ভয়ংকর, সে বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার পল কেলি। তিনি বলেন, এমনকি এর উল্টোটাই সত্য হতে পারে।

পল কেলি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত ৩০০-এর মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবার মধ্যে কোভিড-১৯ এর মৃদু লক্ষণ রয়েছে আবার অনেকের মধ্যে একেবারেই কোনো সমস্যা নেই’।

অস্ট্রেলিয়াতে এরই মধ্যে ওমিক্রন ধরনে আক্রান্ত সাতজন রোগী চিহ্নিত করা হয়েছে । এর মধ্যে ছয়জন নিউ সাউথ ওয়েলসের, যা অস্ট্রেলিয়ার একটি জনবহুল রাজ্য।

কেলি বলেন, ‘সারা বিশ্বে যারা ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছে তাদের বেশির ভাগই করোনার টিকা নিয়েছেন। তবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কোভিড-১৯ এর বিদ্যমান ভ্যাকসিনগুলো ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে না’।

প্রফেসর কেলি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে যাদের দেহে ওমিক্রন ধরা পড়েছে তাদের বেশিরভাগই দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ করেছেন। তারা দুই ডোজ করে টিকা নিয়েছিলেন’।

‘তবে, আবারও বলছি, তাদের গুরুতর রোগ হয়নি। তাই আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে এবং আরও তথ্য সংগ্রহ করতে হবে’।

বিশ্বব্যাপী বেশিরভাগ ভ্রমণ টিকাপ্রাপ্ত ব্যক্তিরাই করছেন। যারা ওমিক্রনের উত্থানের আগে বিভিন্ন দেশে কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ করতে সক্ষম হয়েছিলেন।

নিউ সাউথ ওয়েলসে সপ্তম যে ব্যক্তির দেহে ওমিক্রন ধরা পড়েছে তিনি গত ২৩ নভেম্বর কাতারের দোহা থেকে এসেছিলেন এবং দক্ষিণ আফ্রিকায় যাননি। তার মানে তিনি বিমানের কোনো যাত্রীর কাছ থেকে আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com