বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ওমিক্রনের বিরুদ্ধে টিকা কতটা কার্যকর?

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা ‘উদ্বেগ সৃষ্টিকারী ধরন’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভ্যারিয়েন্টটির বিপুলসংখ্যক মিউটেশন রয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পুনঃসংক্রমণিত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

প্রথমবার ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানতে পারে ডব্লিউএইচও। পরে বতসোয়ানা, ইসরায়েল, বেলজিয়াম ও হংকংয়ে এর উপস্থিতি পাওয়া যায়। এরপর সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশে যাওয়া এবং সেসব দেশ থেকে প্রবেশের ওপর কড়াকড়ি ও নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কিছু দেশ।

বিবিসি জানায়, ভ্যারিয়েন্ট অব কনসার্ন কভিড ভ্যারিয়েন্টের শ্রেণিবিভাগের হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে উপরের বিভাগ।

এই ভ্যারিয়েন্টের বিপুল পরিমাণ মিউটেশন রয়েছে, যেগুলো সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে এবং টিকা থেকে পাওয়া সুরক্ষা বলয় ভেদ করার হিসেবে কার্যকর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো প্রমাণসাপেক্ষ তথ্য-উপাত্ত নেই।

সময়ের সঙ্গে সঙ্গে একটি ভাইরাসের পরিবর্তন বা মিউটেটেড হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে সেটি তখনই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় যখন ওই মিউটেশন সংক্রমণের ক্ষমতা, তীব্রতা অথবা টিকার কার্যকারিতার ওপর প্রভাব ফেলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন ভ্যারিয়েন্টের প্রভাব ভালোভাবে বুঝতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। এটি কতটা সংক্রামক, তা নির্ধারণ করতে বিজ্ঞানীরা এখনো পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।

যুক্তরাজ্যের একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা সতর্ক করেছেন যে নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন ‘প্রায় নিশ্চিতভাবে’ কম কার্যকর হবে।

আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল বায়োলজিস্ট জেমস নেইস্মিথ মন্তব্য করেছেন যে, ‘এটি খারাপ খবর বটে, কিন্তু এটিই পৃথিবীর শেষ নয়।’

তার মতে, এই ভ্যারিয়েন্টের মিউটেশন দেখে মনে হতে পারে যে দ্রুত ছড়ায়— কিন্তু এর সংক্রমণের সক্ষমতা বেশি, তা হয়তো এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব না।

প্রফেসর নেইস্মিথ মনে করেন, এই ভ্যারিয়েন্টের যদি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ার সক্ষমতা থাকতো, তাহলে এত দিনে যুক্তরাজ্যে নিশ্চিতভাবে প্রবেশ করতো।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিভাগের প্রধান অ্যান্থনি ফাউচি মন্তব্য করেছেন যে, নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে পাওয়া রিপোর্ট সতর্ক করলেও তীব্র মাত্রায় অসুস্থতা ঠেকাতে টিকা কার্যকর হতে পারে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যথাযথভাবে পরীক্ষিত না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না এটি ভাইরাস বিরোধী অ্যান্টিবডিকে পাশ কাটাতে পারে কিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com