রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর বিশ্বকাপ খেলার ক্ষীণ যে সম্ভাবনা ছিল, শেষ হয়ে গেল সেটাও। পেশির চোট থেকে সেরে ওঠতে অস্ত্রোপচার করাতে হবে তাকে। পুরোপুরি সুস্থ হতে লেগে যাবে একমাস সময়। ফলে ভিয়ারিয়ালের এই ফুটবলারের কাতার বিশ্বকাপ কার্যত শেষ।
লো সেলসো চোট পান গত রবিবার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে। ভিয়ারিয়ালের ১-০ গোলে হারের ম্যাচে ৩০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
ভিয়ারিয়ালের পক্ষে তখন জানানো হয়েছিল পেশিতে চোট পেয়েছেন লো সেলসো। ক্লাবটি এবার নিশ্চিত করল, অস্ত্রোপচার লাগবে ২৬ বছর বয়সী ফুটবলারের।
তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত লো সেলসোর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘোষণা আসেনি। তবে সংবাদমাধ্যম ওলে তাদের প্রতিবেদনে বলেছে, কোচিং স্টাফের সদস্যরা এরই মধ্যে অবগত যে সেলসোর বিশ্বকাপ খেলা হচ্ছে না।