রবিবার, ০৫ Jul ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

চোটে ছিটকে গেলেন আর্জেন্টিনার দুই খেলোয়াড়

চোটের কারণে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার দুই খেলোয়াড় নিকো গঞ্জালেস ও জোয়াকিন কোরেয়া। তাদের বদলি হিসেবে ডাক পেয়েছেন আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে। এরই মধ্যে আর্জেন্টিনা থেকে কাতারে রওনা দিয়েছেন তারা।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন গঞ্জালেস। আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল পেয়েছিলেন জোয়াকিন কোরেয়া। তবে ম্যাচের পর বাঁ পায়ের হাঁটুতে ব্যথার কারণে খেলতে পারছেন না ইন্টার মিলানের এই ফরোয়ার্ডও।

বদলি হিসেবে আসা আনহেল কোরেয়া গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলে ছিলেন। চলতি মৌসুমে অ্যাথলেতিকো মাদ্রিদের হয়ে ২১ ম্যাচে ৪ গোল তার।

এর আগে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লো সেলসো।

সুযোগ পাওয়া অপর খেলোয়াড় আলমাদা জাতীয় দলে প্রথম ডাকই পেয়েছিলেন এ বছরের সেপ্টেম্বরে। খেলেছিলেন হন্ডুরাসের বিপক্ষে। ২১ বছর বয়সী আলমাদা খেলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব আটলান্টা ইউনাইটেডে।

এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৬ গোল ও ১২ অ্যাসিস্টে লিগের বর্ষসেরা নবাগত ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন।

বিশ্বকাপ লড়াইয়ে নামার আগে গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। ৫-০ ব্যবধানে জেতা সেই ম্যাচের পর কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, চোটের কারণে কিছু পরিবর্তন আনা হতে পারে। যারা ছিটকে গেছেন, তাদের বাইরে পাওলো দিবালা, ক্রিস্টিয়ান রোমেরো ও পাপু গোমেজরা চোট ও ফিটনেস সমস্যার কারণে আমিরাত ম্যাচের স্কোয়াডে ছিলেন না।

ফিফার নিয়ম অনুযায়ী, কাতার বিশ্বকাপে চোট কিংবা মারাত্মক অসুস্থতাজনিত কারণে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টার আগপর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিদ্বন্দ্বী দল সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

লুসাইলে ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপের অভিযাত্রা শুরু করবে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com