শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
উদ্বোধনী ম্যাচে তিনে নেমেছিলেন জাকির হাসান। সেদিন সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে জয়ে অবদান রেখেছিলেন। তবে পরের ম্যাচেই তার জায়গা নেন তৌহিদ হৃদয়। তিনিও দিয়েছেন আস্থার প্রতিদান। তাতে জাকিরকে নেমে যেতে হয় চারে। সেখানেও তিনি সফল। তবে তাকে জায়গা দিতে গিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম ছেড়েছেন নিজের পছন্দের জায়গা।
চট্টগ্রামে দলীয় অনুশীলন শেষে জাকির বলেন, এটা আসলে সম্মানের। মুশফিক ভাইয়ের মতো ক্রিকেটার নিজের জায়গা ছেঁড়ে আমাকে সুযোগ করে দিয়েছেন। এটা বলার মতো ভাষা নেই। উনার কাছ থেকে এই জিনিস পেয়ে খুব ভালো লেগেছে। এর আগেও পেয়েছিলাম, রাজশাহীতে যখন খেলেছি, চারে ব্যাট করেছি। উনি সবসময়ই ব্যাপারটা ফ্লেক্সিবল করে দিয়েছেন। আমি, তৌহিদ হৃদয় বা আমরা যারা আছি, এই ব্যাপারটা আমাদের খুবই ভালো লাগে। গর্ব হয়।
সাকিব এবং মাশরাফির মধ্যে নেতৃত্বে কে এগিয়ে এমন প্রশ্নের জবাবে জাকির বলেন, ‘দুজনকে কারো সঙ্গে তুলনা করার কিছু নেই। দুজনই সেরা তাদের জায়গা থেকে। একেকজনের ধরন একেক রকম। সাকিব ভাইও একই কথা বলেছিল। আমি নতুন এসেছি, কোনো চাপ নেই। যেভাবে খেলে এসেছি প্রথম শ্রেণিতে, সেভাবে খেলতে। একই কথা মাশরাফি ভাইও বলেছেন তুই যেভাবে খেলতে পছন্দ করিস, সেভাবেই খেলিস।