শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

‘স্প্রিন্টারদের মতো দৌড়ানো বোলারের কাজ নয়’

বিতর্কে জর্জরিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ টানতে পারেনি তারকা ক্রিকেটারদের। তবে ধারাভাষ্যকার হিসেবে এসেছেন এক ক্যারিবীয়ান কিংবদন্তী। খেলোয়াড়ি জীবন শেষেও তার খ্যাতি এখনও জগৎখ্যাত। তিনি কার্টলি অ্যামব্রোস। ৬ ফুট ৭ ইঞ্চির এ পেসারের বাউন্সের সঙ্গে ছিল অবিশ্বাস্য গতি আর নিয়ন্ত্রণ। ৯৮ টেস্ট ক্যারিয়ারে যার ঝুলিতে ৪০৫ উইকেট, ওয়ানডেতে ২২৫। এমন কিংবদন্তীকে কাছে পেয়ে সান্নিধ্য নিতে ভুলেননি মাশরাফী বিন মোর্ত্তজা ও তাসকিন আহমেদ।

সোমবার বিপিএলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটরস ম্যাচ শেষে দেখা গেল অ্যামব্রোস কথা বলছেন, হাত নাড়াচ্ছেন, এটা-ওটা বলছেন দুজনকে।

মাশরাফীর পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে অ্যামব্রোস জানিয়েছেন, ছোটবেলা থেকেই বড় আড্ডাবাজ হওয়ার ইচ্ছা ছিল তার। তাই স্বাভাবিকভাবেই অ্যামব্রোসের সঙ্গে আড্ডায় মাশরাফী ও তাসকিন আছেন। অ্যামব্রোস-মাশরাফীর দুজনের কথা মুগ্ধ শ্রোতা হয়ে শুনেছেন তাসকিন। মাঝেমধ্যে এটা–ওটা জিজ্ঞেসও করেছেন।

অ্যামব্রোসের মতে, জিমে গিয়ে নয়, বোলারদের নিজেদের তৈরি করতে হবে বেশি বেশি বল করে আর দৌড়ে , ‘অনেক বোলারকেই দেখছি, জিমে অনেক সময় ব্যয় করে। জিমে যেতে আমি মানা করছি না, জিম তোমাকে শক্তিশালী করবে। কিন্তু মনে রেখো, বডিবিল্ডার হওয়ার চেষ্টা কোরো না। কারণ, একজন পেসার হিসেবে তোমার শরীর নমনীয় রাখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, দৌড়ানো আর বেশি বল করা। বেশি দৌড়ালে আর বোলিং করলেই শরীরটা অভ্যস্ত হয়ে যাবে।’

বোলারদের স্প্রিন্টারদের মতো না দৌড়ানোর পরামর্শও দিয়েছেন অ্যামব্রোস, ‘১০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ানো বোলারদের কাজ নয়। তোমার মনযোগ হবে পায়ের পেশি শক্তিশালী করার দিকে। অনেককেই দেখছি জিমে অনেক সময় ব্যয় করে পেশি তৈরি করছে। কিন্তু ৪ ওভার বল করেই ক্লান্ত হয়ে যাচ্ছে। প্রচুর বোলিং করতে হবে, তাহলেই শরীরের সবকিছু একসঙ্গে কাজ করা শুরু করবে।’

সব কন্ডিশনে বোলাররা ভালো করতে পারছেন কি না তা দেখেই বোলারদের বিচার করেন অ্যামব্রোস। এই বিচারে লেটার মার্কসই পেয়েছেন তাসকিন। অ্যামব্রোস বলেছেন, তাসকিন সঠিক পথেই আছে, ‘সব জায়গায় পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ। আমি ক্রিকেটারদের বিচার করি, তারা সব কন্ডিশনে ভালো করতে পারছে কি না, তা দেখে। কিছু ছেলে আছে, যারা ঘরের মাঠে ভালো খেলে, দেশের বাইরে গিয়ে মানিয়ে নিতে পারে না। গ্রেট ক্রিকেটার হতে হলে তোমাকে সব কন্ডিশনেই টিকে থাকতে হবে। তুমি সঠিক পথেই আছো, তাসকিন।’

অতীত আর বর্তমানকালের ক্রিকেটের তুলনা করতে গিয়ে অ্যামব্রোস একটু হতাশই হয়েছেন। কারণটা আলোচিত একপেশে ‘ব্যাটসম্যান গেম’, ‘খেলাটা অনেক পরিবর্তন হয়ে গেছে, যখন খেলেছি আর এখনকার ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য। তখন শুধু টেস্ট আর ওয়ানডে ছিল, টি-টোয়েন্টি ছিল না। নিয়মও অনেকটাই পরিবর্তন হয়েছে। বর্তমানে ক্রিকেটটা একটি ব্যাটসম্যান গেমে পরিণত হয়ে গেছে। বোলারদের জন্য কাজটা খুবই কঠিন। ক্রিকেটটা ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে একটি লড়াই হওয়া উচিত।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com