শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
আবারও বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির মুখে বাংলাদেশ-বন্দনা। কাতার বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের গল্প সারা বিশ্বের গণমাধ্যমে ফলাও করে প্রচার হলে এক অভাবনীয় পরিস্থিতির তৈরি হয়েছিল। আবারও সেই ভালোবাসারই প্রাপ্তিস্বীকার করলেন আর্জেন্টাইন অধিনায়ক ও সেরা তারকা লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় বাংলাদেশ। আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনায় প্রশংসা কুড়িয়েছে সারা বিশ্ব থেকেই। আলবিসেলেস্তে কোচ থেকে খেলোয়াড় সবাই কাছে বাংলাদেশ এখন ভালোবাসার নাম।
আকাশি-নীলদের এমন অকুণ্ঠ সমর্থনের বড় কারণ লিওনেল মেসি। ক্ষুদে এই জাদুঘর এর আগেও কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে। এবার দেশটির ওলে পত্রিকার এক সাক্ষাৎকারে আবারও জানালেন, ১০ নম্বর জার্সি বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা সত্যিই আনন্দের।
সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন, হ্যাঁ, আমি (বাংলাদেশের দেওয়া সমর্থনের) সবকিছুই দেখেছি। ফাইনালের আগে সবখানে জার্সি দেখা যাচ্ছিল। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা সত্যিই দুর্দান্ত।
একই সাক্ষাৎকারে উঠে আসে এমবাপ্পের সাথে তার সম্পর্কের অবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, সব জায়গাতেই আলোচনার কেন্দ্রে এই দুই ফুটবল তারকা। তবে বিষয়টি স্পষ্ট করলেন মেসি।
মেসি বলেন, আমাকেও একটি বিশ্বকাপ ফাইনাল হারতে হয়েছিল এবং আমি এমবাপ্পের কাছে সে সম্পর্কে কিছুই জানতে চাইনি। কিন্তু সত্য হলো কিলিয়ানের সাথে কোনো সমস্যা নেই, একেবারে বিপরীত।