শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

আইপিএল খেলতে যাওয়ার আগে যা বলে গেলেন লিটন

আইপিএল খেলতে রবিবার দেশ ছেড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বলে গেছেন, আইপিএলকে তিনি শেখার মঞ্চ হিসেবে দেখছেন।

নিজের প্রথম আইপিএল। একাদশে সুযোগ পাবেন কি পাবেন না, এসব নিয়ে ভাবছেন না লিটন। সংবাদমাধ্যমকে বললেন, ‘আমি জানি না, ওইখানে গিয়ে খেলার সুযোগ পাব কি না। খেললেও ভালো খেলব কি না, এটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমি ২০-২৫ দিন বা যে কয়দিনই থাকব, সবগুলো মাঠের আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যা ভবিষ্যতে কাজে দেবে।’

এ বছর ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। লিটনের আইপিএল অভিজ্ঞতা তাই বাংলাদেশ দলের জন্য বড় পাওয়া হবে।

এবারের আইপিএলে সাকিব আল হাসানেরও কলকাতার হয়ে খেলার কথা ছিল। কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। লিটন জানিয়েছেন সাকিব খেললে আরও ভালো লাগত তার।

লিটন ছাড়াও এবারের আইপিএলে রয়েছেন বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমান। তার দল- দিল্লি ক্যাপিটালস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com