বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এক মাস আগেই এই সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দুদিন আগে দল ঘোষণা হলেও সাকিব আল হাসানের নাকি বিষয়টি জানাই নেই। সাকিব নিজেই সাংবাদিকদের এ কথা বলেছেন।
মঙ্গলবার মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের পর বনানীতে একটি কফি শপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন সাকিব। সেখানেই আয়ারল্যান্ড সিরিজের দল কেমন হলো, সাংবাদিকেরা জানতে চান সাকিবের কাছে।
টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক হলেও সাকিব ওয়ানডের অধিনায়ক নন। ওয়ানডেতে বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল। কিন্তু দল নির্বাচনের আগে সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিবের মতামত নিশ্চিতভাবেই অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সাকিব বলছেন, দল ঘোষণা হওয়ার কথাই জানা নেই তার।
তবে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটিতে ভালো করবে বলে বিশ্বাস সাকিবের, ‘যদিও ইংল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলা হবে। চেষ্টা থাকবে আমরা যেভাবে ওয়ানডে খেলছি ওভাবেই খেলতে। আমাদের ওয়ানডে দলটা খুবই শক্তিশালী। আশা করি আমরা ভালো ফল করতে পারব।’