রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টার দিকে জেলে বাসুদেব হায়দারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি দৌলতদিয়া ঘাটের কেসমত মোল্লার আড়তে বিক্রির জন্য তোলা হয়। এখানে উম্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯ শত টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।
জেলে বাসুদেব হলদার জানান, প্রতিদিনই বড় মাছের আশায় নদীতে জাল অপেক্ষায় থাকেন তারা। আজও (মঙ্গলবার) সকালে পদ্মা-যমুনার মোহনায় জাল পেতে তারা অপেক্ষায় ছিলেন। সকাল ৮ টার দিকে হঠাৎ জালে প্রচন্ড জোরে টান লাগলে তারা দ্রুত জাল টেনে ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি দেখতে পান। অনেকদিন পর এত বড় একটা মাছ পেয়ে তারা অনেক আনন্দিত বলে জানান।
মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি তিনি নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ক্রয় করেছেন। পরে দুপুরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি দেন।