রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

দিল্লিতে অমিত শাহের বাড়ির সামনে কুকি নারীদের বিক্ষোভ

ভারতের মণিপুর রাজ্যে চলমান জাতিগত সহিংসতা বন্ধের দাবিতে প্ল্যাকার্ড হাতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন কুকি নারীরা। বুধবার অমিত শাহের দিল্লির বাসভবনের সামনে এই বিক্ষোভ করেন তাঁরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

এক বিক্ষোভকারী এনডিটিভিকে বলেন, শান্তি পুনরুদ্ধার করা হবে বলে অমিত শাহ আশ্বাস দিয়েছেন। এরপরও মণিপুরে আমাদের সম্প্রদায়ের ওপর হামলা অব্যাহত রয়েছে। সেখানে জীবন ঝুঁকিপূর্ণ। একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই আমাদের সাহায্য করতে পারেন।

এর আগে গতকাল মঙ্গলবার ভোরে মণিপুরে নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিরাপত্তাকর্মী নিহত হন। এ ছাড়া আহত হন আরও দুজন।

গত মে মাসের শুরুতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৮০ জন নিহত হয়। এ ছাড়া ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালানোর পর ৩০ জনের বেশি বিদ্রোহী নিহত হয়।

সহিংসতা বন্ধে গত সপ্তাহে মণিপুরে চার দিনের সফরে যান অমিত শাহ। এ সময় তিনি সব সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মণিপুরের শান্তি ও সমৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। শান্তি বিঘ্নিত করে এমন যে কোনো কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com