বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
রাজশাহী মহানগরীর ২০ ও ২১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গণসংযোগ ও পথসভায় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
নগরীর ২১ নং ওয়ার্ডে সাগরপাড়া বড় রাস্তা মোড়, ২০ নং ওয়ার্ডের বেলদারপাড়া মোড় ও অলকার মোড়ে পথসভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। এ সময় তার সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
তিনি বলেন, ২০১৩ সালের নির্বাচনে ফল বিপর্যয় হয়েছিল রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে। রাজশাহীতে ২০১৩ থেকে ১৮ সাল পর্যন্ত উন্নয়ন মুখ থুবড়ে পড়েছিল। পরবর্তীতে রাজশাহীর সর্বস্তরের মানুষ আমাকে বলেছিল, আমরা বড় একটা ভুলে করে ফেলেছি। সেই ভুলটা আমরা সংশোধন করতে চাই। এরপর আমরা লক্ষ্য করলাম ভুল সংশোধন করে তারা ২০১৮ সালে নৌকা মার্কায় বিপুল ভোটে আমাকে বিজয়ী করেন।
খায়রুজ্জামান লিটন বলেন, ৫ বছরের মধ্যে আমরা মাত্র আড়াই বছর উন্নয়ন কাজে সময় পেলাম। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইত্যাদি কারণে আড়াই বছর উন্নয়ন কাজ করতে পারিনি। তবে মাত্র আড়াই বছরে যে উন্নয়ন করেছি, সেই কাজের প্রশংসা আমরা রাজশাহীবাসী পাচ্ছি। উন্নয়ন কাজ অনেক হয়েছে, আরো হবে। তবে রাজশাহীবাসীর দাবি কর্মসংস্থান। এইবারের আমার ইশতেহারে ১ নম্বরে রেখেছি কর্মসংস্থান। আমি নির্বাচিত হলে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করবো।
তিনি আরো বলেন, তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের জন্য শহরে ১০টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনলাইনে আয় করতে পারবে তারা। আমরা কাজের ক্ষেত্রও দেখিয়ে দেবো।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, আজকে যে রাজশাহী একটি পরিচ্ছন্ন শহর, শান্তির শহর হিসেবে সারাদেশে পরিচিত পেয়েছে, তার কারিগর খায়রুজ্জামান লিটন। তিনি উন্নয়নের মাধ্যমে রাজশাহীতে ইতিহাস সৃষ্টি করেছেন। দেশের উন্নয়নের জন্য যেমন শেখ হাসিনা সরকার বারবার দরকার। তেমনি রাজশাহীর উন্নয়নে লিটন ভাইকে বারবার দরকার। আমি বিশ্বাস করি আগামী ২১ জুন নির্বাচনে বিপুল ভোটে খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করবে রাজশাহীবাসী।
পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক প্রমূখ।