বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
বিএনপির সাথে সংলাপের আশা এখনও শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবনে শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তবে একই সাথে তিনি এও জানান যে, সংলাপ নিয়ে এখনই ভাবছে না আওয়ামী লীগ।
সম্প্রতি আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুর একটি বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির সংলাপের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক জনসভায় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছিলেন, ‘জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সাথে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই।’
এই আলোচনার মধ্যেই বুধবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ হাছান মাহমুদ আমুর এ বক্তব্য নাকচ করে দেন। তারা দুজনই সে সময় বলেছিলেন, বিএনপিকে সংলাপে ডাকা হয়নি।
এরপরপরই ওইদিনই নিজের বক্তব্য থেকে সরে আসেন আমু। বুধবার তিনি বলেন, ‘কাউকে আহ্বান করা হয়নি। কাউকে আহ্বান করার সুযোগ নাই। এটা আওয়ামী লীগের বাড়ির দাওয়াত না যে, দাওয়াত করে নিয়ে এসে খাওয়াব। আলোচনার জন্য কাউকে বলা হয় নাই। কাউকে দাওয়াত দেওয়া হয় নাই।’
সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে শুক্রবার গণভবন গেটে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আশার প্রদীপ এখনো নিভে যায়নি।
‘ওবায়দুল কাদের বলেন, সংলাপ হবে কিনা তা ভবিষ্যতই বলে দিবে। তবে এখনই সংলাপ নিয়ে ভাবা হচ্ছে না,’ যোগ করেন তিনি।