বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সিরিজের একমাত্র টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার মোট দুই ভাগে ঢাকায় এসে পৌঁছে হাসমতুল্লাহ শাহিদীর দল।
সকাল ৯টা কিছু আগে প্রথম বহরে কোচিং স্টাফসহ আসেন দলের ১০ সদস্য। আর অন্য সদস্যরা আসেন দুপুর ১টার দিকে। ঢাকা পৌঁছেই সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে দলের সদস্যরা। রোববার মিরপুরে অনুশীলনের কথা রয়েছে দলটির।
আগামী ১৪ জুন সিরিজের একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। চোটের কারণে তারকা ক্রিকেটার রশিদ খানকে ছাড়াই তাদের এ টেস্ট মিশন। এছাড়া দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও।
হাসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বে আফগান দলে আছেন রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদ্রান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লা হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদ।
রিজার্ভ হিসেবে রাখা হয়েছে জিয়াউর রহমান আকবর, নুর আলী জাদরান, আজমতউল্লাহ ওমরজাই ও সায়েদ আহমদ শিরজাদকে।
সাদা পোশাকে টাইগারদের পারফরম্যান্স তেমন একটা সুখকর নয় যা এই টেস্ট ঘিরে দু:শ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। গেলো একবছর হোম-অ্যাওয়ে মিলিয়ে মোট সাতটি টেস্ট খেলেছে বাংলাদেশ, একমাত্র সাফল্য আইরিশদের বিপক্ষে, ইনিংস পরাজয় ছাড়া বাকি অর্জন হতাশার।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশপের দ্বিতীয় সংস্করণেও বিবর্ণ টিম টাইগার্স। ১২ টেস্টের দশটিতেই হার, অবস্থান টেবিলের তলানিতে। যদিও মাউন্ট মঙ্গানুইয়ে কিউয়িদের হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলো মুমিনুলের দল।
মিরপুরে ভারতের বিপক্ষে হার না মানার মানসিকতায় আফগান বধের আশা দেখছে বাংলাদেশ। দুই নতুন মুখ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না টাইগারদের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এছাড়া দলে ফিরেছেন ব্যাটার জাকির হাসান ও পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি এই দুই ক্রিকেটার।
সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের সিরিজে খেলেছেন দুই নতুন মুখ ব্যাটার শাহাদাৎ হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান। সেই সিরিজে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই দুই তরুণ ক্রিকেটার।
লিটন দাসের নেতৃত্বে টাইগার দলে থাকছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ।
বাংলাদেশের বিপক্ষে আফগানদের এ সফর হবে দুই ধাপে। একমাত্র টেস্ট শেষ করে ১৯ জুন তারা যাবে ভারতে। এরপর বাংলাদেশে ফিরবে ১ জুলাই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে ৫ জুলাই। একই স্টেডিয়ামে ৮ জুলাই দ্বিতীয় ও ১১ জুলাই হবে তৃতীয় ওয়ানডে।
এরপর ১২ জুলাই দুদলই যাবে সিলেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।