শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

দুই সিটি নির্বাচনে নৌকার প্রার্থীরা এগিয়ে

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে ১৩৫ কেন্দ্রের ঘোষিত ফলে এগিয়ে আছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এতে ৬৭ হাজার ০৬৫ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল পেয়েছেন ২৪ হাজার ৮৫৮ ভোট।

সোমবার (১২ জুন) সর্বশেষ বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৬০ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬০২ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোনো কেন্দ্র বন্ধ হয়নি।

তিনি বলেন, কোনো কেন্দ্রে সমস্যা তৈরি হয়নি। প্রশাসন এবং নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে ও সকলের সহযোগিতায় নির্বাচন পরিচালনা করেছে। আমরা কথা দিয়েছিলাম খুলনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব। আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি।

এর আগে, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছে নগরবাসী।

এবার কেসিসি নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ হাজার ৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, বরিশালে দুই এক‌টি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ভাবে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এগিয়ে রয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, ভোট গণনা চলমান অবস্থায়, বরিশালের মোট ১২৬ কেন্দ্রের মধ্যে নৌকার প্রার্থী পেয়েছেন ৮৬ হাজার ৯৯৭ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৩ হাজার ৩০৭ ভোট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com