শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক দফায়ও অহিংস কর্মসূচি দেবে বিএনপি

গতকাল রবিবার সিলেটে তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী ১২ জুলাই ঢাকার সমাবেশ থেকে এক দফার ভিত্তিতে নতুন ঘোষণা আসবে। সেই ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন যাত্রা শুরু হবে।’
আন্দোলনে বিএনপির মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট, ১২-দলীয় জোট, গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে গত সপ্তাহে পৃথক বৈঠকে চূড়ান্ত পর্যায়ের কর্মসূচির ব্যাপারে মতামত নেওয়া হয়েছে। সেখান থেকে ঢাকামুখী রোড মার্চ ও লং মার্চের মতো নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি হরতাল, অবরোধ ও অসহযোগ আন্দোলনের ব্যাপারেও মত দেন সমমনা দলের শীর্ষস্থানীয় নেতারা।

দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, দেশি-বিদেশিদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে সহিংসতার কর্মসূচি এড়িয়ে চলছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে এখন পর্যন্ত সভা-সমাবেশ, বিক্ষোভ, পদযাত্রাসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন দলের নেতাকর্মীরা।

বিএনপির সমমনা জোট ও দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে দেশব্যাপী বিভাগীয় কিংবা মহানগর পর্যায়ে কর্মসূচির কথা ভাবা হচ্ছে।

তেমনটি হলে বিক্ষোভ সমাবেশ কিংবা মিছিল দিয়ে কর্মসূচি শুরু হতে পারে। তারপর পর্যায়ক্রমে সচিবালয়মুখী পদযাত্রা, ঢাকামুখী লং মার্চ, রোড মার্চ, ঢাকামুখী পদযাত্রা, চলো চলো ঢাকা চলো, প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী পদযাত্রা, ঢাকা ঘেরাও, ঢাকায় অবস্থান—এ ধরনের শক্ত কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচির ব্যাপারে মতামত আসছে। দলীয় সূত্রে জানা গেছে, আজ গণতন্ত্র মঞ্চ ও এলডিপির সঙ্গে বৈঠক আছে। এই দুই দলের মতামত নেওয়ার পর কর্মসূচি চূড়ান্ত করবে বিএনপি।নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, গত বছর বিভাগীয় পর্যায়ের সমাবেশে বিএনপি প্রমাণ করেছে যে শান্তিপূর্ণ কর্মসূচিতেও সরকার পতন হতে পারে। সে সময় বিএনপি চূড়ান্ত আন্দোলনে যেতে চায়নি বলে ঢাকায় কয়েক লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতেও শক্ত কর্মসূচিতে যায়নি।

দলীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে বিচ্ছিন্নভাবে নানা কর্মসূচি পালন করলেও এবার গোছালো আন্দোলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে কর্মসূচি শুরু হতে পারে। লাগাতার কর্মসূচি দেওয়ার ব্যাপারে মত দিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিকরা।

আগামী ১৭ জুলাই খুলনায় এবং ২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশের শেষ দুই কর্মসূচি পালন করবে ছাত্র-যুবল-স্বেচ্ছাসেবক দল। তারুণ্যের সমাবেশের মধ্যে আগামী ১৪ জুলাই নোয়াখালীতে পদযাত্রার মাধ্যমে সাত জেলায় কৃষক-শ্রমিক-তাঁতী-মৎস্যজীবীদের সমন্বয়ে কর্মসূচি শুরু হচ্ছে। নোয়াখালীর পর ১৬ জুলাই চট্টগ্রাম, ১৯ জুলাই দিনাজপুর, ২৮ জুলাই রাজশাহী, ৫ আগস্ট যশোর, ১২ আগস্ট হবিগঞ্জ ও ১৯ আগস্ট বরিশালে পদযাত্রা। এসব মাথায় রেখে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

এক দফা পৃথক মঞ্চ থেকে, আছে ভিন্ন মত

সোমবার বিএনপির স্থায়ী কমিটির সভায় পৃথক মঞ্চ থেকে এক দফার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিলেও এতে ভিন্ন মত ছিল। স্থায়ী কমিটির অন্তত তিনজন নেতা এক মঞ্চ থেকে এক দফার ঘোষণার প্রস্তাব দিয়েছেন। তাঁদের যুক্তি ছিল, মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের সময় সরকারবিরোধী সব দল এক মঞ্চে উঠলে সেটার চিত্র ভিন্ন রকম হতো। বিদেশিদের দেখত সরকারের বিরুদ্ধে সব দল এক হয়েছে।

এক দফার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে না জামায়াত

আগামী ১২ জুলাই এক দফার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে না জামায়াত। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। কালের কণ্ঠকে তিনি বলেন, জামায়াত এখন তাদের নিজস্ব কর্মসূচিতে থাকবে। আগামী ১৫ জুলাই সিলেটের সমাবেশের মাধ্যমে তাদের মহানগরভিত্তিক সমাবেশ শুরু হচ্ছে। এসব কর্মসূচি শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মতিউর রহমান বলেন, ‘জামায়াত আনুষ্ঠানিকভাবে এক দফার ঘোষণা দিচ্ছে না। আমরা এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং দলীয় নেতাকর্মীদের মুক্তির এক দফার দাবিতে ঢাকায় সমাবেশ করেছি। অন্য মহানগরেও একই দাবিতে সমাবেশ হবে।’

প্রস্তুতি সভা

সমাবেশ সফল করতে ঢাকা বিভাগের সংসদীয় আসন থেকে যাঁরা নির্বাচন করেছেন, তাঁদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কর্মসূচি সফল করতে গতকাল নয়াপল্টনে ভাসানী ভবনে যৌথ সভা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ঢাকা জেলা বিএনপি আজ সোমবার যৌথ সভা ডেকেছে। ছাত্রদল আজ সোমবার মতবিনিময়সভা আহ্বান করেছে। যুবদলও আজ বিকাল ৩টায় সভা ডেকেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com