শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

কানাডা ছেড়ে শ্রীলংকায় সাকিব

বল ও ব্যাট হাতে কানাডার টুর্নামেন্ট গ্লোবাল টি২০তে দুর্দান্ত সময় কেটেছে সাকিব আল হাসানের। তবে টুর্নামেন্টের মাঝপথেই তিনি শ্রীলংকায় পাড়ি জমিয়েছেন। মূলত সেখানকার টুর্নামেন্ট লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে কানাডা ছেড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রোববার লংকা প্রিমিয়ার লিগের চলতি আসর শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স। সোমবার বিকাল সাড়ে ৩টায় সাকিব আল হাসানের দল গল টাইটান্সের খেলা রয়েছে। সেই ম্যাচেই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সাকিব।

কানাডায় মন্ট্রিয়ল টাইগার্সের জার্সিতে পরপর তিন ম্যাচে জয় পেয়েছেন সাকিব। ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ের পেছনে ভূমিকা রেখেছেন তিনি। মন্ট্রিয়েলের চতুর্থ ম্যাচটিতে বাংলাদেশি এই অলরাউন্ডার ভালো খেললেও দলীয় ব্যর্থতায় হার দেখতে হয়েছে।

সাকিব কানাডা ছাড়লেও সেখানে নতুন করে যোগ দেওয়ার উদ্দেশে দেশত্যাগ করেছেন আফিফ হোসেন ধ্রুব। সারে জাগুয়ার্সে ডাক পেয়েছেন আফিফ। টুর্নামেন্টটিতে খেলার জন্য বিসিবির কাছ থেকে এরই মধ্যে অনাপত্তিপত্র পেয়েছেন টাইগার ব্যাটার। গতকালই কানাডার উদ্দেশে তিনি উড়াল দিয়েছেন। এ বছর গ্লোবাল টি২০ লিগ শুরু হয়েছে ২০ জুলাই থেকে। চলবে ৬ আগস্ট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com