শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

রোনালদো নয়, শীর্ষ তারকাদের সৌদির পথ খুলে দিয়েছেন বেনজেমা

একের পর ফুটবলার ইউরোপ ছেড়ে পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। শুরুটা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তারপরেই একের পর এক ফুটবলার যোগ দিচ্ছেন সৌদি প্রো লিগে। তবে বুন্দেস লিগার ক্লাব মেইঞ্জ এর কোচ বো সভেনসনের মতে ক্রিশ্চিয়ানো রোনালদো নয়, করিম বেনজেমা আল ইত্তিহাদে যোগ দেওয়ায় আন্তর্জাতিক তারকাদের সৌদি প্রো লিগে যোগ দেয়ার পথ খুলে দিয়েছে।

শীর্ষ তারকাদের সৌদি প্রো লিগের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা সার্বিকভাবে জার্মানি ও ইউরোপীয় ফুটবলের জন্য হুমকি বলেও মনে করেন তিনি। বিল্ড পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সভেনসন বলেন, বিষয়টিকে আমি গুরুত্ব সহিত নিয়েছি। এটি চীনের চেয়ে ভিন্ন। চীনে প্রতিটি ক্লাবে কেবল তিনজন বিদেশি খেলতে পারে। যে কারণে বড় তারকারা চীনে যেতে আগ্রহী হয়নি। আমার মতে ৩৮ বছর বয়সী রোনালদো সৌদি আরবের দিকে শীর্ষ তারকাদের নিতে পারেননি বরং কাজটি করেছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেই মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো বেনজেমা। এর দ্বারা অন্যদের দরজাও খুলে গেছে। সেখানে অর্থের সরবরাহ এতটাই যে, প্রিমিয়ার লিগও খেলোয়াড়দের আটকে রাখতে পারবে না। বিষয়টি কতদূর গড়াতে পারে তা ভেবেই আমি উদ্বিগ্ন।

ডেনিস ওই সাবেক ফুটবল তারকা বলেন, দীর্ঘ ১৪ বছর রিয়াল মাদ্রিদে কাটানো করিম বেনজেমাকে আল ইত্তিহাদে চুক্তিবদ্ধ করানোর মাধ্যমে সৌদি আরব আরো দশ হাই প্রোফাইল তারকাকে তাদের ঘরোয়া লিগে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। যেটি তাদের লিগের মান সীমানার বাইরে ছড়িয়ে দিতে সক্ষম হবে। ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনেরও লক্ষ্য স্থির করেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।

এবারের গ্রীষ্মকালীন দল বদলে তারকাদের বড় একটি অংশকে সৌদি প্রো লিগে ঝুকে পড়তে দেখা যাচ্ছে। রিয়াদ মাহরেজ, অ্যালান সেন্ট-ম্যাক্সিমাইন, এডুয়ার্ড মেন্ডি ও এগলো কন্টের মতো তারকারা সেখানে ভিড় জমাচ্ছেন। সেখানে যোগ দিতে যাওয়া আরেক বড় তারকার নাম সাদিও মানে। যিনি যোগ দিতে পারেন আল নাসরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com