শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিবেকের চাপ অনুভব করছি, বিদেশি নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ বিদেশিদের কোনো চাপ অনুভব করছে না। তবে নিজেদের বিবেকের চাপ অনুভব করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, আমরা চাপ অনুভব করব কেন? ফ্রি, ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট। এখানে চাপ অনুভব করব কেন? যদি বলেন, চাপ, তাহলে বিবেকের চাপ।

তিনি বলেন, আমেরিকার সাথে আমাদের বিভিন্ন লেনদেন আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। আমেরিকার মান্যবর রাষ্ট্রদূত আমাদের পার্টি অফিসে এসেছিলেন। তারা আমাদের এই অফিসে আগে কখনো আসেননি। তিনি এলেন, দেখে গেছেন।

কাদের বলেন, কথা যেটা, আগামী নির্বাচন। নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমরা সব সময় বলি, নির্বাচন নিয়ে আমাদের যে বক্তব্য, আমরা যার সঙ্গে আলাপ করি, আমাদের অঙ্গীকার ও বক্তব্য একটি। এটি অত্যন্ত ক্লিয়ার। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সবার সঙ্গে বলছি। এটা আমাদের কমিটমেন্ট। দেশের জনগণের কাছে কমিটমেন্ট।

কাদের বলেন, গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ আন্দোলনেরই সোনালি ফসল। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশন হয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা কোনো কমপ্লেইন নিয়ে কথা বলিনি। তার কথা সে বলেছে। আমরা আমাদের কথা বলেছি। মার্কিন অ্যাম্বাসেডর কোথাও তার কথায় কেয়ারটেকার সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ এ ধরনের কোনো কথা বলেনি। কথা হয়েছে- ফ্রি, ফেয়ার ও পিসফুল নির্বাচন নিয়ে।

মার্কিনিদের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি বলেও জানান তিনি। সংলাপের বিষয়েও কোনো কথা হয়নি বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com