শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচার ব্যবস্থাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। বিচার বিভাগকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। এভাবে জাতিকে চিরস্থায়ীভাবে সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে কারাদণ্ডের রায়ের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণার সময় বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন চলাকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দেওয়া হয়েছে। কিন্তু এই রায় দিয়ে চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
বিএনপির মহাসচিব বলেন, অস্তিত্ব রক্ষার আন্দোলন শুরু হয়েছে, এমন সময় আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এই রায় দেওয়া হয়েছে। তবে এভাবে আন্দোলন কখনই স্তব্ধ করা যাবে না বা বন্ধ করা যাবে না। দাবি আদায় না করে জনগণ ঘরে ফিরে যাবে না।
তিনি আরও বলেন, শুধু তারেক রহমান নয়, যে জুবাইদা রহমান রাজনীতি সঙ্গে সম্পৃক্ত নয় তাকেও সাজা দেওয়া হয়েছে।
তারেক রহমানকে যে ধরনের মামলায় সাজা দেওয়া হয়েছে একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতাদের খালাস দেওয়া হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামলা ছিল। এই আদালতকে ব্যবহার করে সব মামলা উঠিয়ে নেওয়া হয়েছে। অথচ, বিএনপি নেতাদের ২৫ বছর আগের মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে আগামীকাল শুক্রবার সারাদেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন তিনি। ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালযের সামনে বেলা ২টা থেকে এই কর্মসূচি পালিত হবে। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের হামলারও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।