বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
তামিম ইকবাল ওয়ানডে দলের দায়িত্ব ছেড়ে দেয়ার পর এক প্রকার অস্থিতিশীলতা কাজ করছে টিম ম্যানেজমেন্টের ভেতর সেটা খালি চোখেই দৃশ্যমান। কে হচ্ছেন নতুন অধিনায়ক সেটি নিয়ে চলছে জল্পনা কল্পনা। নতুন অধিনায়কের দৌড়ে সাকিব আল হাসান রয়েছেন সবচেয়ে এগিয়ে। তবে সহ-অধিনায়ক লিটন দাসকেও বাদ দেওয়ার জো নেই।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছেন, তামিম দলে না থাকলে সহ-অধিনায়ক লিটন দাস অধিনায়কত্ব করবেন। অতএব বিসিবি সভাপতি আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
তবে দুজনকে নিয়ে বেশ দ্বিধায় রয়েছে বোর্ড। সাকিব স্বল্প মেয়াদে দায়িত্ব নিতে সাফ মানা করে দিয়েছেন। এদিকে বিশ্বকাপের মতো বড় আসরে দলকে নেতৃত্ব দেয়ার বিষয়ে লিটনকে এখনই উপযুক্ত মানছেন না বোর্ডের একটি অংশ। যা নিয়ে স্বভাবতই দ্বিধা-দ্বন্দ্ব চলছে ভেতরে ভেতরে সেটি বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়বে না।
তবে বোর্ডে এ নিয়ে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ইসমাঈল হায়দার মল্লিক। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান মল্লিক।
বোর্ডের এই পরিচালক বলেন, ‘(অধিনায়ক ঠিক করা নিয়ে) না। এখানে কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কার।’
তিনি আরও বলেন, ‘তারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছে। ক্রিকেট অপারেশন্স আছে, বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কার।’
তবে ওয়ানডেতে তামিম ইকবালের বিকল্প এখনো খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেতৃত্ব নিয়ে ভাবছে বোর্ড, তাই ধীরে-সুস্থে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির ভাবনায় আছেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। তবে নেতৃত্ব নিয়ে সাকিবের সঙ্গে আলাপের পর, সাকিবের ভাবনা জানার পরই সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড।
বিসিবি সভাপতি জানিয়েছেন, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া। তিনি বলেন, সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো পরিষ্কার পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সাথেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে (অধিনায়ক) করে দেওয়া। এটাতে কোনও সমস্যা নেই।