বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
বেশ নাটকীয়তার পর কয়েক সপ্তাহ আগে এশিয়া কাপের ম্যাচের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুযায়ী, আসরে ম্যাচগুলো ভিন্ন সময় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর সপ্তাহ তিনেক আগে বদলে গেল ম্যাচ শুরুর সময়। এখন প্রতিদিন একই সময় ম্যাচগুলো শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার টুর্নামেন্টটি সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টস সামাজিক যোগাযোগমাধ্যমে এক টুইট বার্তায় নিশ্চিত করে জানিয়েছে, এশিয়া কাপের সব কটি ম্যাচই ভারতীয় সময় বিকাল ৩টা থেকে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে ৩টা থেকে ম্যাচগুলো উপভোগ করা যাবে।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। গতবারের মতো এবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হবে ছয় দলের অংশগ্রহণে। ‘এ’ গ্রুপে মূল আয়োজক পাকিস্তানের সঙ্গী ভারত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা ও আফগানিস্তান।
এবারের আসরের মোট চারটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলংকা। সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলংকার ক্যান্ডিতে। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ।
প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সুপার ফোরে যাবে। ৬-১৫ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচগুলো মাঠে গড়াবে। সেই পর্বের প্রথম ম্যাচ লাহোরে। পরের সব কটি ম্যাচ হবে কলম্বোতে। সেখান থেকে সেরা দুই দল আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।
গতবার টি২০ ফরম্যাটে খেলা হলেও সামনে এক দিনের বিশ্বকাপ থাকায় এবারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে। সূচি অনুযায়ী বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট শ্রীলংকার বিপক্ষে। গ্রুপের অন্য ম্যাচে তারা ৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তানের।