শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
দেশের ৫ হাজার মানুষের মধ্যে ৪৪ শতাংশ মনে করেন বাংলাদেশ সঠিক পথেই চলছে। যদিও এ মতাবলম্বীদের সংখ্যা আগের চেয়ে কমেছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সংখ্যা ছিল ৭৬ শতাংশ।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক জরিপ বলছে, এই ৫ হাজারের মধ্যে ৫৩ শতাংশ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে। এজন্য খাদ্যদ্রব্যসহ সব ধরনের নিত্যপণ্যের ঊর্ধ্বগতিকে প্রধান কারণ বলে মনে করেন এদের মধ্যে ৫০ শতাংশ মানুষ। অপরদিকে দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে বলে যে ৪৪ শতাংশ মানুষ মত দিয়েছেন। তারা দেশের সার্বিক উন্নয়নকে এ ব্যাপারে প্রাধান্য দিয়েছেন।
চলতি বছরের পহেলা মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের ৬৪ জেলায় জরিপ কার্যক্রম পরিচালনা করে ওয়াশিংটনভিত্তিক অলাভজনক সংস্থা আইআরআই। গত মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ : মার্চ থেকে এপ্রিল’ শীর্ষক এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংশ্লিষ্টদের দাবি, এই জরিপে বাংলাদেশের ৫ হাজার প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ অংশ নেন। জরিপটি তত্ত্বাবধান করেছে রেড স্টোন সায়েন্টিফিক।
আইআরআই’র ওয়েবসাইটে প্রকাশিত জরিপ প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের পর এই প্রথম দেশ সঠিক পথে চলছে না বলে বেশি মানুষ মত দিয়েছে। জরিপ অনুযায়ী, ২০১৮ সালের তুলনায় শেখ হাসিনার জনপ্রিয়তা ৪ শতাংশ বেড়েছে। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সাফল্য শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রেখেছে।