বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত হবে সেপ্টেম্বরে : ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিবর্তন এনে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা সেপ্টেম্বরে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। আজ বুধবার নির্বাচন ভবনে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসির কর্মকর্তারা। বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘এটি ছিল প্রথম বৈঠক। বৈঠকে বর্তমান বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে পর্যালোচনা হয়েছে। আমরা আগামী সপ্তাহে আবার বসব।’

নীতিমালায় কী কী পরিবর্তন আসছে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ইউজার ফ্রেন্ডলি (ব্যবহারবান্ধব) হয়, সে ধরনের বিষয় নিয়ে বৈঠতে আলোচনা হয়েছে। নীতিমালা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে।

আজ বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এনবিআরের সংশ্লিষ্ট প্রতিনিধিরা ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com