শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সাম্প্রদায়িকতা এখনো স্বাধীন বাংলাদেশের অগ্রগতির পথ ও বিকাশের ধারায় অন্তরায় হিসেবে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে ধ্বংস করতে হবে, উদ্বুদ্ধ হতে হবে অসাম্প্রদায়িক চেতনায়।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে গতকাল তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।
আগস্ট বাঙালি জাতির জন্য ট্র্যাজেডির মাস উল্লেখ করে তিনি বলেন, ‘এ মাসে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, কাজী নজরুল ইসলামকেও হারিয়েছি। নজরুল আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো আছেন। তিনি আমাদের যেকোনো সংগ্রামে অপূরণীয়। তিনি চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন।’
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।