শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্র হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এজন্য সরকারকেই দায়ী করেছেন তিনি।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে নয়া পল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিপূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এখন সবচেয়ে আশঙ্কার কথা যেটা আমরা দেখতে পারছি যে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে, আজকে বাংলাদেশ একটা বৃহৎ শক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলয়ের একটা ক্ষেত্রে হিসেবে সেটা ব্যবহৃত হতে চলেছে।’
ফখরুল বলেন, ‘এটার জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকার। তারা (সরকার) অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কথা-বার্তা বলে তাদের কূটনীতিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেরকম একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।’
জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত যাওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটেঙ্গল রেঁস্তোরা মোড় ঘুরে আবার নয়া পল্টনে এসে শেষ হয়।
১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর মহিলা দল গঠন করেন জিয়াউর রহমান।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদেরকে শপথ নিতে হবে যে, আমরা যেকোনো মূল্যে এই সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার করতে চাই এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাই। আমাদের কথা খুব পরিষ্কার। আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো গোলোযোগ চাই না।’
তিনি বলেন, ‘আমরা দেশে একটা সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। আজকে আপনারা সামনে এগিয়ে আসুন, মানুষ এগিয়ে আসছে, জনগণ বেরিয়ে আসছে। এই সরকারের পতন অনিবার্য এবং জনগণের সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। দেশনেত্রী মুক্তি পাবেন, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাধ্য করব… এই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাবো।’
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের হেলেন জেরিন খান, রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলী, ইয়াসমীন আরা হক, শাম্মী আখতার, সাবিনা ইয়াসমিন, নায়েবা ইউসুফ, রুমা আখতার প্রমুখ বক্তব্য রাখেন।