শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় খুব কম, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মাওলানা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক আলোচনসভায় তিনি এসব কথা বলেন। ডা. জাফরউল্লাহ চৌধুরীর স্মরণসভায় তার জীবনের নানা দিক তুলে ধরেন তিনি। তার মানবকল্যাণে নিয়োজিত জীবনের কথা শ্রদ্ধা করে বক্তব্যে তুলে ধরেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, জাফর ভাই, তার যোগ্যতায় কতটুকু সম্মান দেশ থেকে পেয়েছেন জানি না। তবে তাকে জাতি আজীবন মনে রাখবে। তিনি মানবকল্যাণে কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন।
তিনি বলেন, এ দেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলছে। তাদের ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এই প্রতিবাদগুলোই জাফর উল্লাহ ভাই করে গেছেন। তার উদ্দেশ্য ছিল এই ফ্যাসিস্ট সরকার সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
বিএনপি মহাসচিব বলেন, তরুণদের এগিয়ে আসতে হবে এই দেশ ও জাতিকে রক্ষা করতে। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। জাফর উল্লাহ ভাই সংগ্রাম করে গেছেন। আসুন আমরা এই দেশ জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। তিনি বলেন, এখন সময় খুব কম, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত।
ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ।