শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নানা প্রপাগান্ডা ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান। তিনি বলেছেন, এখন বিদেশীরাও চাচ্ছে না এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। ইউরোপ, আমেরিকাসহ যেসব দেশের প্রতিনিধিরা এখানে সফরে আসছেন, পর্যবেক্ষণ শেষে তারা কেউ বলেনি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তারা বলছেন, সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, যেটা হতে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। বিদেশীরা নিরপেক্ষ নির্বাচনকেই গুরুত্ব দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীও তাদের সে বিষয়ে নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নবনির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, বিএনপির একটি অংশ চায় নির্বাচনে আসতে, তবে আরেকটি অংশ তাদের নির্বাচনে আসতে দিতে চায় না।
আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে দাবি করে শাজাহান খান বলেন, বিএনপির উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। তা না হলে বিএনপি বিলুপ্তির খাতায় নাম লেখাবে। কারণ জাতীয় পার্টি ও ১৪ দলসহ বিরোধী দলীয় প্রায় সব দলই নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে।
তবে বিএনপিসহ তাদের সমর্থিত নেতাকর্মীরা নির্বাচনের আগে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে জনগণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি, আওয়ামী লীগও প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, অতীতে বিএনপি যে অগ্নি সন্ত্রাসের নাশকতা করেছে তার ক্ষত এদেশের মানুষ এখনো বয়ে বেড়াচ্ছে, এসব কেউ ভুলে যায়নি।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে, বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন শাজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সুপার আসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার মু. রাসেদুজ্জামান ও উপজেলার পাচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শেখ আজহার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ নেতাকর্মীরা।