বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রায় সাড়ে ৩ ঘণ্টা রাখার পর আবার কেবিনে নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গতকাল এ তথ্য জানিয়েছেন।

এর আগেও গত দুই সপ্তাহে শ্বাসকষ্টের কারণে খালেদা জিয়াকে দুই দফায় সিসিইউতে নেয়া হয়েছিল। গত ৯ আগস্ট থেকে ৫১ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

খালেদা জিয়া পরিবারের একটি সূত্র জানিয়েছে, তার বিদেশে চিকিৎসা দেয়ার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন পরিবারের সদস্যরা। তাকে বিদেশে নিতে চেয়ে করা আবেদনে ইতিবাচক সাড়া মিলতে পারে—এমনটাই আশা পরিবারের সদস্যদের। তবে সরকার যদি অনুমতি দেয়, তাহলে দ্রুত যাতে খালেদা জিয়াকে বাইরে নেয়া যায়, সেজন্যই এ প্রস্তুতি। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর—এই চার দেশের হাসপাতালে খোঁজ নিচ্ছেন।

এদিকে ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন বিএনপির চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অনেক দিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও কিডনির জটিলতা বেড়েছে। তিনি হাসপাতালে কখনো কিছুটা ভালো থাকছেন, পরক্ষণেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এ কারণে তাকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে হচ্ছে এবং কখনো কখনো তাকে সিসিইউতে নিতে হচ্ছে।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। সর্বশেষ ১২ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com