বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে আওয়ামী ও বিএনপির সঙ্গে আজ সোমবার বৈঠক করবে ঢাকার সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। প্রথমে প্রতিনিধিদল বিএনপি এবং পরে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে।
জানা গেছে, আজ দুপুর ১২টায় বনানীর হোটেল শেরাটনে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে পর্যবেক্ষক প্রতিনিধিদলটি। অপরদিকে সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক শুরুর কথা রয়েছে।
এদিন সকাল সাড়ে দশটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠেয় বৈঠকে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর বেলা ১১টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈঠক করবে আওয়ামী লীগ। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে গত শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশে আসে আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)। নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করতে ছয় সদস্যের এই মিশন বাংলাদেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজ এবং বিভিন্ন নির্বাচনী স্টেকহোল্ডারদের সঙ্গে ১২ অক্টোবর পর্যন্ত বৈঠক করবে।
সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলটি বাংলাদেশের আইন অনুযায়ী এবং ২০০৫ সালে জাতিসংঘে সই করা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা’র সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মূল্যায়ন পরিচালনা করবে। কার্যক্রম শেষে প্রতিনিধিদল তাদের মূল অনুসন্ধান, নির্বাচন-পূর্ব পরিবেশ বিশ্লেষণ এবং নির্বাচনের প্রতি নাগরিকদের আস্থা বৃদ্ধির জন্য ব্যবহারিক সুপারিশসহ একটি বিবৃতি প্রকাশ করবে।