বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

‘মুজিব’ এর সম্মানে মুক্তি পেছাল ‘যন্ত্রণা’

ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত ‘যন্ত্রণা’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর)। ঘোষণা দিয়েও এবার সরে দাড়াল সিনেমা মুক্তি থেকে।

জানা গেছে, গত ১৩ অক্টোবর মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা তারিখ পরিবর্তন করেছেন ‘যন্ত্রণা’ টিম। এমনটা নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আরিফুর জামান আরিফ।

তিনি বলেন, ‘সিনেমাটি মুক্তির সব রকম প্রস্তুতি নিয়েছিলাম আমরা। কিন্তু শেষ মুহূর্তে এসে সেটা পরিবর্তন করেছি। আমাদের কাছে মনে হয়েছে ‘মুজিব’ সিনেমাটি সবার দেখা দরকার। এই সময়ে সিনেমা হলে অন্য সিনেমা না চালানোই উত্তম। তাই আপাতত পিছিয়ে দিয়েছি।’

তবে তারিখ পেছালেও কবে নাগাদ মুক্তি পাবে সেই বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবেন বলে জানান নির্মাতা।

‘যন্ত্রণা’ সিনেমাটির কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করেছেন আদর আজাদ, সায়মা স্মৃতি ও মানসী প্রকৃতি প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।

অন্যদিকে, গত ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা থাকলেও একই কারণ দেখিয়ে পিছিয়ে আসে অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’। ছবিটি আগামী ৩ নভেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। এই ছবিতে অভিনয় করেছেন সোহানা সাবা, গাবী আবদুন নূর, স্বাগতা, অরুণা বিশ্বাসসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com