রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে। স্প্যানিশ ক্লাবটিতে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন ভিনিসিয়ুস। লা লিগার ক্লাবটি মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ২৩ বছর বয়সী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তির কথা জানায়।
স্বদেশের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ২০১৮ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে ৬ মৌসুমে ২৩৫ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৬৩টি। একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ জিতেছেন মোট ৯টি শিরোপা।
গত কয়েক বছরে রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন ভিনিসিয়ুস। প্যারিসে ২০২২ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে দলের একমাত্র গোলটি করেন তিনিই। একই বছর মরক্কোয় রিয়ালকে ক্লাব বিশ্বকাপ জিতিয়ে তিনি নিজে জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন ভিনিসিয়ুস। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে দুইবার জায়গা পান সেরা একাদশে। দুইবার লা লিগার মৌসুম সেরা দলেও জায়গা করে নেন তিনি।
গত এক বছরে লা লিগার ম্যাচে বেশ কয়েকবার বর্ণবাদী আচরণের শিকারও হয়েছেন ভিনিসিয়ুস। বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। দাতব্য কাজে সম্পৃক্ততা থাকার জন্য ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’ জিতেছেন ভিনিসিয়ুস।