সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ওজন কমিয়ে লুক পরিবর্তন করে নতুন করে কাজে সরব হয়ে উঠেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। কাজ করছেন একের পর ওয়েব সিরিজি, ওয়েবফিল্ম ও চলচ্চিত্রে। ‘বক’ সিনেমার পর এবার আরও একটি নতুন সিনেমার খবর জানালেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা রকম ছবি প্রকাশ করে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। রোববার ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। সে সঙ্গে ‘দাফন’ শিরোনামের একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন বলেও উল্লেখ করেন। ছবিটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাশ।
জানা গেছে, এই সিনেমায় কুলসুম চরিত্রে অভিনয় করেছেন রুনা। আটটি ছবি পোস্ট করে ক্যাপশনে এই মডেল অভিনেত্রী লিখেছেন, ‘একজন তার প্রেমে পড়ে পাগল হয়ে গেল প্রায়! তারপর একদিন কুলসুমও তার প্রেমে সাড়া দিল ফুটল ফুলের মতন। হলদে অলকানন্দা যেমন।’ ছবিগুলোতে দেখা যচ্ছে, হাতভর্তি কাচের চুড়ি ও হলুদ সালোয়ার-কামিজ পরা রুনা। এই সিনেমায় একেবারেই ছিমছাম পাশের বাড়ির মেয়ের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ‘দাফন’ ছাড়াও রুনা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ওয়েব ফিল্ম ‘অসময়’, ‘শোধ’ ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বক’ ।