বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। অবরুদ্ধ অঞ্চলটিতে নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন প্রায় ২২ হাজার। খবর আনাদোলু এজেন্সি।
গতকাল সোমবার (১ জানুয়ারি) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইডিএফের হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৯৭৮ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা গাজায় ইসরায়েলি হামলার ৮৭তম দিনের তথ্য জানান এক বিবৃতিতে। তিনি বলেন, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৫৭ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি।
আল-কুদরা বলেন, গত ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে ৩২৬ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে আইডিএফ। ১০৪টি অ্যাম্বুলেন্স ধ্বংসের পাশাপাশি ১৫০টি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থার ৯৯ জন কর্মীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তির বিষয়ে এসময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান আল-কুদরা।
ইসরায়েলের অবরোধের ফলে ছিটমহলটিতে চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট চলছে। সেখানে প্রয়োজনীয় সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছেন এ মুখপাত্র।
গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। প্রায় তিন মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। গাজার ৮৫ শতাংশ মানুষ বাড়িঘর হারিয়ে আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে।